"); -->

Aug 5, 2015

আজকের এস.ও.এস.

|| আজকের এস.ও.এস. ||


কেউ কি কোথাও আছো ?
কেউ ছিন্ন অস্তিত্বের পারে
নিয়ে যেতে পারো কি আমাকে ?
এখানে পায়ের নিচে বেনোজল পাখসাট মারে !
চরাচর ডুবে গেছে বিশহাত বর্ষণের নিচে,
শতাব্দীর অশ্রুর ভাঁড়ার উজাড় করেছে যেন কাল ;
আমরা দাঁড়িয়ে আছি দুর্দশার ভঙ্গুর সী-বিচে ।
#
কেউ কি কোথাও নেই !
রিলিফের ল্যাম্পপোস্ট থেকে করুণার বাল্ব গেছে চুরি ?
হৃদয়-উত্তাপ শুধু বিকিকিনি হবে নাকি
ব্ল্যাক মার্কেটেই !
কেউ কি কোথাও নেই !
এখনো থাকবে মেতে আলোকমালার তমসাতেই !
কান পেতে শোনো –
আমি অর্ধ মগ্ন অর্ধদগ্ধ অর্ধ নগ্ন
পড়ে আছি হাবড়ায় সাগর দ্বীপে
মালদা মেদিনীপুর বীরভূম নদীয়া ঘাটালে ।
#
হে নোয়া !
ত্রাণের নৌকো আসবে কখনো ?


-----------------------------------------------------------------
Contributed by: Ashim Das Sharma / 05 August 2015

No comments: