"); -->

Jul 17, 2015

টাক পাঁচালী


|| টাক পাঁচালী ||


(সুর করে পড়ার অনুরোধ থাকল)

শোন শোন বন্ধুগণ, শোন দিয়া মন,
টাকের টুকিটাকি হেথা করিব বর্ণন ।

সার্থক জনম যদি থাকে টাকের জমিন,
টাকহীন মানুষ দেখো করে মিনমিন ।

টাক আমার, টাক তোমার, কত নামকরণ
টেকো, টাকু, টাকলু শুনিবে সর্বক্ষণ ।

বাঙলায় টাকের আরও নাম আছে কত,
ইন্দ্রলুপ্ত, চন্দ্রমাথা, লুপ্তকেশ যত ।

বাঙাল ভাষায় - ওরে ‘তাউল্যাছোলা‘
টাককে ঘটি-বাটি, কোরো না হেলাফেলা ।

দুষ্টুরা তব টাকের বিভিন্ন দিয়াছে নাম,
এক্ষণে তাহাদিগের করিতেছি প্রণাম ।

‘এই কুলে আমি আর ওই কুলে তুমি,
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়‘ ।

এমন টাকে কেশ, থাকে দুপাশে মাথার,
মধ্যিখানে ব্রহ্মতালু অকুল-পাথার ।

‘এরা থাকে ওধারে‘ এমন টাকও আছে,
একপাশের কেশ টেনে ফেলা অন্যপাশে ।

‘মেঘে ঢাকা তারা‘ আছে আরেক টাক ,
সামনে পাতা কেশ, পিছনেতে ফাঁক ।

‘ছাদ খালি সিঁড়ি জাম‘ দেখ আরেক টাক,
গোটা মাথা চুল শুধু ব্রহ্মতালু ফাঁক ।

‘স্মৃতি টুকু থাক‘ টাকের মহিমা অপার ,
কোথাও একটু কেশ, বাকী পগারপার ।

‘অবাক পৃথিবী‘ - তাক লাগানো টাক,
পুরোপুরি চষা জমি পুরোপুরি ফাঁক ।

দেবুরও আছে টাক নাহি কোন সিঁথি,
টাকের মহিমা আজি করিতেছি ইতি ।।

--------------------------------------------------------------------------------------------
Contributed by: Debkisor Chakraborti in WaaS / 17 July 2015

No comments: