"); -->

Jul 11, 2015

যৌতুক

।। যৌতুক ।।


বুকের মধ্যে অবিরাম রক্তক্ষরণ হয়,
অমানবিক অনুশাসনের কাছে কখনও আত্মসমর্পণ নয় ।
আরও আনন্দের খোঁজে ঘুরে বেড়াই
মাঠে ঘাটে রাস্তায় ছোটবেলা থেকে ।
কেউ জানে না, কেউ জানে না কি করে আমার
কলেজ পালানো দুপুরগুলো কাটে ??

প্রতিটি রাত এক সোনালি সকালের আশায় জাগে
প্রতিটি সকাল এক অসামান্য রাতের আশায় চেয়ে থাকে
কেউ জানে না কেউ জানে না ভেতরে ভেতরে আমার
কী যে বিস্ফোরণ, কি যে আন্দোলন,-- হয়,
নিজের সঙ্গে নিজের অসম যুদ্ধের প্রতিঘাতে ।

প্রতিটি সকাল বাজায় আমার জন্মরাগিণী
প্রতিটি সন্ধ্যা শোনায় আমাকে মৃত্যুর মূর্ছনা
নিজেকে পালটিয়ে চাঁদ এখন ঘোর ব্রহ্মচারিণী
সে আমার জন্যে একটুও জ্যোৎস্না রাখে না ।

যত সে আঘাত করে আমি ছুটি তার পিছু পিছু
যদি তার দয়া হয়, যদি তার মন চায়,
নিরিবিলি জ্যোৎস্নায় আমাকে প্রশ্রয় দেয় কিছু !!


--------------------------------------------------------------------------------------------
Contributed by: Sankar Bhattacharyya in WaaS / 11 July 2015

No comments: