।। মধ্য-চরিতনামা ।।
জয়ো জয়ো মধ্যবিত্ত, পাতিবুর্জোয়া
তুমি তো তুলসীপাতা,গঙ্গাজলে ধোয়া ।
তুমি যে উভয়মুখ সর্প-আচরণ,
ডুডু আর তামাকের অবাধ সেবন !
গৃহস্থের হিত করো, চোরে প্ররোচনা
মুখোসের কারবারি—গিল্টি খাঁটি সোনা !
জলে না নামিয়া তুমি কাটো সন্তরণ
সাপে-ব্যাঙে চুমা দাও, গিরগিটি-মন ।
গদি-সুখে তিরপিত কণ্ঠে শ্লোগান
বিপ্লবে জল ঢেলে পুঁজির যোগান ।
লোহিত অতীত ভুলে আজ তৃণ-ভোজী
শোণিতে মীরজাফরী দৃশ্যত রোজই ।
চিত্ত আর বিত্তে তুমি যথা মধ্যমান
সহজাত ভৃত্যবোধে সহ্য অপমান ।
গাছে তুলে কাড়ো মই, ভঙ্গ দাও রণে
স্বজাতি চরিতনামা শুভদাস ভনে,
ছড়া-দর্পণে !!!
--------------------------------------------------------------------------------
Contributed by: Subho Joardar in WaaS / 04 July 2015
No comments:
Post a Comment