|| কর্তা গিন্নী ||
কর্তা গেছেন ষাট পেরিয়ে, গিন্নী একটু কম
গিন্নীর খাওয়া নিরামিষ, কর্তা মাছের যম ৷
কর্তা বলেন, গিন্নী তুমি এখনো যে ছবি
গিন্নী বলেন, কর্তা তুমি হয়েছ দেখছি কবি ৷
কর্তা বলেন, গিন্নী তোমার মাথায় কত চুল
গিন্নী বলেন, কর্তা তুমি শিখেছ দেখছি গুল ৷
কর্তা বলেন, গিন্নী তোমার মরাল সম গতি
গিন্নী বলেন, কর্তা তোমার হয়েছে ভীমরতি ৷
কর্তা বলেন, গিন্নী তোমার গলা কত মিষ্টি
গিন্নী বলেন, ঢের হয়েছে – যতো অনাসৃষ্টি ৷
কর্তা বলেন, গিন্নী তোমার সোনার মত রং
গিন্নী বলেন ঘার বেঁকিয়ে, রাখো তোমার ঢং ৷
কর্তা বলেন, ঠোঁট রাঙ্গাতে খাও না কেন পান
গিন্নী বলেন, রান্না শেষ – করে এসো চান ৷
এমনি করেই দুজনাতে থাকেন গভীর প্রেমে
আপনারাও থাকুন না, বাঁধিয়ে রাখবো ফ্রেমে ৷
- কেশব সান্যাল
------------------------------------------------------------------------------------
Contributed by: Kesab Sanyal in WaaS / 11 August 2015
No comments:
Post a Comment