|| আজকের কথা ||
২৩শে জুলাই ২০১৫:
গতকাল একটা পোষ্ট এর জবাবে বর্ত্তমান বাংলা সিরিয়াল সম্পর্কে কিছু মন্তব্য ভেসে আসে । অবসর বিনোদনের জন্যে ফেসবুক, হোয়াটস আপ, বাংলা সিরিয়াল দেখে সময় কাটাই লিখেছিলাম । তার উত্তরে জনৈক সদস্য মন্তব্য করেন, এই নিম্নমানের সিরিয়াল দেখার রুচি কী করে হয় ? এইসব সিরিয়ালে কী করে সংসার ভাঙ্গা হয়, কী ভাবে হিংসা, খুনোখুনি করা হয়, সেইসব শেখান হয় । অনেকেই সমর্থন করলেন ।
কথাটি পুরোপুরি ভুল আমি বলছি না । কিন্তু যে সমাজ ব্যবস্থায় আমরা বাস করছি, আমাদের কত কিছুই তো মেনে নিতে হচ্ছে । প্রতিদিন যে আনন্দবাজার পত্রিকা আপনার ঘরে আসে, সেখানে বড় বড় অক্ষরে ছবি সহ বিজ্ঞাপন থাকে যৌনশক্তি বাড়াবার নানারকম তেল, মালিস, কন্ডোমের বিজ্ঞাপন । কাগজ কি বাড়ীতে রাখা বন্ধ করবেন ?
এই বিষয়ে একটা পুরনো অভিজ্ঞতা আপনাদের বলি । আমার বড় মেয়ে তখন বছর দশেক বয়স । আমি হরিদেবপুরে থাকি । মেয়েকে নিয়ে আমি টালিগঞ্জ ট্রামডিপোতে যাচ্ছি । করুণাময়ীর পর থেকে রাস্তার আইল্যান্ডে বিরাট বিরাট হোর্ডিং । মেয়েকে নিয়ে অটো করে যাচ্ছি । ট্রামডিপো পর্যন্ত প্রায় গোটা বিশেক হোর্ডিং । সব হোর্ডিং এ একই বিজ্ঞাপন । দুরারোগ্য ব্যাধি এইডস হইতে মুক্তির জন্য যৌনমিলনে সবসময় কন্ডোম ব্যাবহার করুন । একই কথা লেখা দেখতে দেখতে আমার মেয়ে আমায় জিজ্ঞেস করল, বাবা ওটা কী লিখেছ গো ? আমি কোন উত্তর দিতে পারিনি । আপনি সিরিয়াল দেখতে বারণ করছেন ?
ভারতের জনসংখ্যা এখন একশ কুড়ি কোটি । আন্দাজে ধরে নিই তিরিশ কোটি পরিবার । এখনই দু’কোটি মোবাইল বিক্রি হয়েছে । যাঁরা ধনী, আমাদের গ্রুপে প্রচুর ধনি পরিবার আছেন । তাঁরা তাদের ছেলেমেয়েদের স্মার্ট মোবাইল দিচ্ছেন । যিনি পারেন না, তিনি সাধারণ মোবাইল দিচ্ছেন । দুরকম মোবাইলেই ইন্টারনেট ব্যাবহারোপযোগি । আপনি কি জানেন না, এখানে ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে মুহূর্তের মধ্যে পর্ণোছবি ডাউনলোড করা যাবে ? এই বিষয়ে কিছুকাল আগে একটা সিনেমা এসেছিল । নাম "ফড়িং " । দেখিয়েছিল ক্লাস সেভেন -এইটের ছাত্রেরা কিভাবে দোকান থেকে এইসব ছবি একজন এনে ক্লাসে ছড়িয়ে দিচ্ছে । আপনি কি আপনার এই ছোট ছেলেদের মোবাইল না দিয়ে পারছেন ?
কিছুকাল মানে কয়েকদিন পূর্বে আমাদের WAAS গ্রুপে এলিট মেম্বরদের মধ্যে যেরকমভাবে ঝগড়াঝাঁটি, ইংরেজি ভাসায় গালাগালি হল সেতো থামানই গেলো না । বাধ্য হয়ে সুদীপ রায় মহাশয় এই ADMIN ভেঙ্গে দিলেন । এই ঝগড়াঝাঁটি আমাদের বাড়ীর ছোটরা দেখলে কী শিক্ষা পাবে, একবারও ভেবেছেন ? যত দোষ সিরিয়াল দেখার ? আর কোন সিরিয়াল ? বাংলা সিরিয়াল । হিন্দি সিরিয়াল ? সেটা মোটামুটি চলে যায় ? ইংরেজি সিরিয়াল হলে ? অতুলনীয় ? দেখুন সিরিয়ালে যে গল্প দেখান হয়, সেগুলো একালের গল্প নয় । একান্নবর্তী পরিবার ছাড়া সিরিয়াল হয় না । এখন একান্নবর্তী পরিবার কোথায় আছে ? বিরাট চওড়া করে সিঁদুর এখন কোন মেয়ে পরে ? এই সিরিয়াল আমাদের যৌবনকালের বা আমাদের বাবাদের সময়ের গল্প । এখন মিয়া-বিবির সংসার । কেমন ছিল, আমরা কী করেছি, তার গল্প । আরও কত অবস্থার কথা বললাম না । আর কত বড় করব ? এই পরিবেশে আমাদের ছোট ছোট সন্তানদের বড় করতে হবে । পারব সমস্ত পরিবেশ পাল্টাতে ?
তাই বলি শুধু সিরিয়াল নিয়ে নিম্ন রুচির কথা বলে আমারা যারা সিরিয়াল দেখি তাদের অপমান করবেন না ।
--------------------------------------------------------------------------------------------
Contributed by: Animesh Choudhury in WaaS / 24 July 2015
No comments:
Post a Comment