"); -->

Jun 30, 2015

সুবীর কুমার দাস সংকলন – জুন

---------------- সুবীর কুমার দাস সংকলন – জুন, ২০১৫ ----------------


। । আদ্যাশক্তি । । 


আমি তো কেউ না জানি, সেই সব —

সে-ই আমাকে শিখিয়েছে কি করে হজম করতে হয়
আজন্মের অপমান
বলেছে একটু বিশ্বাসের লেবু আর ভালোবাসার নুন মিশিয়ে
খেয়ে নিতে,
বলেছে প্রতিদিন এতটাই পরিশ্রান্ত হতে, যেন
রাত্রি কখনো ঘুম কেড়ে নিতে না পারে—
ওই চার-ছ-ঘণ্টাই হলো জীবনের আসল এ্যসেট
যা লড়াইতে লাগবে চিরকাল,
ব্যাঙ্ক ব্যালেন্স, ক্যাশ-ট্যাস ওসব ফালতু, দুর্বলের
বিধবার পেনশনের মতো
কোমর ভেঙে মৃত্যুর বিছানায় শুয়ে থাকা আজীবন —

আমি তোকে বলছি শোন, অপমান-তাচ্ছিল্য
অবজ্ঞা লাথি
এগুলো সব এক একটা ডাম্বেল-বারবেল
কেউ পাঁচ কেজি কেউ দশ
নিয়ে যত ভাঁজবি তত শক্তি
সে পেশীর হোক কিম্বা পেশার —

এ তোর বোরোলীন পন্ডস কোল্ডক্রীমের 
চুকচুকে চাকচিক্য না
যে দু-চার ঝটকায় শেষ, রোদ উঠলেই ফুস –

এ হলো তোর ইনহাউস ক্যাপটিভ পাওয়ার
আদি আদ্যাশক্তি
অলওয়েস এ্যাট ইওর সার্ভিস টিল ডেথ ।

- ১৮ জুন ২০১৫ 
------------------------------------------------------------------------

। । ভবিতব্য । । 


ক্লাস নাইন -
মাস্টারমশাই বাবাকে বললেন
বেশী কিছু আশা করবেন না
মোটামুটি একটা নম্বর পেয়ে যাবে, এমনিতে ভালো 
অসৎ নয়, তবে কিনা তুখোড় বুদ্ধি যাকে বলে
তার কিছু নেই, চলে যাবে

সেই কোন ছোটবেলা থেকে শুরু 
বাবা জানতে চায় ছেলের ভবিষ্যৎ । 

জ্যোতিষী বললেন, অষ্টমে বৃহস্পতি তায় তুঙ্গী 
এছাড়া সরাসরি সপ্তমে দৃষ্টি বিনিময় চন্দ্রের সাথে
যাকে বলে জীবযোগ
মানে জাতক যোগী ভোগী যশস্বী —
এছাড়াও তুঙ্গ রবি মেষে শুক্র সমেত
তুলায় শনি তাও তুঙ্গী 

নাক থেকে চশমাটা এক ইঞ্চি আগেই নেমে এসেছিল
এবার সটান খুলে বললেন, না মশাই ছকটা থাক দুদিন
কোষ্ঠীটা বড় কঠিন
একটু সময় নিয়ে বিচার করতে হবে
এত সহজে বলা ঠিক হবে না । 

এখন ঊনষাট। মাস্টারমশাই পরলোকে। 
বাবাও সেই পথে। 
তবু তাদের উদ্দেশে বলি
হ্যাঁ চলে যাচ্ছে
তুখোড় বুদ্ধি এযাবৎ ঠান্ডাঘরেই আছে
আর জ্যোতিষীর কোষ্ঠীবিচারের কী দশা অন্তর্দশা

এত সহজে বলা ঠিক হবে কি ?

- ২৬  জুন ২০১৫ 
------------------------------------------------------------------------

। । সম্ভাষণ । ।


আগেভাগে দুমদাম বলে দাও সবকিছু
এই এক স্বভাব তোমার 
দাঁড়ি-কমা সিগনাল কিছু নেই
মনে এলো আর চিমটি কাটার ছলে বলে দিলে ফটাফট
একটুও ভেবে দেখলে না কাকে কি বলছ কিম্বা কেন —
তারপর বিপদের গন্ধ পেলে
ছেঁড়া সম্পর্ক রিফু করতে বসে দেখ 
ভালোবাসার ছুঁচ সুতো কিছু নেই
না হাতে, না পাতে,
পড়ে আছে শুধু ঝাল-ঝাল রাগ
আর এত্তখানি ঘৃণা ঘিনঘিনে কালো

ন্যাবামার্কা ঈর্ষাও কি ছিল কম কিছু
ঐ হলুদ চোখে ?
শুধু মনে হলো তাই ?
মন বুঝি তোমার এত নিখুঁত ?

তাহলে এবার ভাবতে শেখো কথার মর্ম
তাহলে এবার বুঝতে শেখো ভাষার বিষ 
বলবার আগে একটু ভাবো
লেখবার আগে আরও একটু
ভাষণে কিম্বা চিঠিতে জানাও সম্পর্কের সম্ভাষণ 
‘শ্রী’-যুক্ত ।

- ২৮ জুন ২০১৫ 
------------------------------------------------------------------------------------
Contributed by: Subir  Kumar Das in WaaS / June 2015

No comments: