------------------------ সুদীপ রায় সংকলন – মে, ২০১৫ ------------------------
|| সুখ ||
সুখ জ্যান এক বনের পাখি
চোখের দেখা দিয়া,
উইড়া সে যায় বনের ভিতর
হায় রে সুখের টিয়া ।
সুখের টিয়া যাইলি কোথায়
মন যে আমার কান্দে,
সুখ দুঃখের পাশের বাঁধন
সংসারেতে বান্ধে ।
সুখের আলো হারায় দুখের
কালা ম্যাঘের কোলে,
দুঃখ হারায় সুখের ভিতর
দোলদোলানি দোলে ।
বনের পাখি, মনের পাখি
তরেই খুঁজি শুধু,
দুঃখ সুখের আলো ছায়ায়
মনটা করে ধু ধু ।
সুখের খোঁজে দুঃখই পাইলাম
মন করে আনচান,
সুখ দুঃখের নাগরদোলায়
বুক হইল খানখান ।
সুখ তুই এক বনের পাখি
চোখের দেখা দিয়া,
উইড়া যাস ক্যান বনের ভিতর
হায় রে আমার টিয়া ।
হায় রে সুখের টিয়া ।।
- ০৮ মে ২০১৫
----------------------------------------
|| সিগন্যাল ||
মাঠ পেরলেই ...
চক্রবেড়িয়ার মোড় ।
তার পাশে ... শীত শীত, সাদা সাদা
পালক পোশাক ।
ওপাশে একাকী পড়ে
সঙ্গিহীন সেতু ।
রাজাভাতখাওয়া জংশন স্টেশন
এসে গেল বলে ।
তবু দ্যাখো ...
এলোমেলো চোখেতে ডাকাডাকি ।
অনাবৃত পিঠের নরমে,
ট্যাটু এঁকে দিই ।
দ্যাখো দ্যাখো ...
বেডকভারের নীচে
ইচ্ছেগুলো ভেঙ্গে চুরে যাচ্ছে কেমন ।
চলো ... সিগন্যাল পেরোই ।
- ১৮ মে ২০১৫
-------------------------------------
|| দাবদাহ ||
দাবদাহ যদিও এখন ...
কৃপণ স্মৃতিতে ভরা ।
নেশাতুর এমন বিকেল ...
পৌষালি শীতের মত ভারী ।
তোমার নামের পাশে আমার আদর,
চোখের জলেতে কেন
তবু ভরা থাকে ?
আমি রাজি যদি হই,
তুমি কেন নিমরাজি
চোখ তুলে বসে থাকো ?
উদোম ইশারে চোখে
আমি ভাসি মোহনার দিকে,
উৎসতে তুমি কেন
ঘোরাফেরা কর ... সুচরিতা ?
- ২১ মে ২০১৫
------------------------------------
|| কথা রাখল না কেউ ||
তারা বলেছিল ...
হাজার বছর ধরে অরণ্য ঠেলে যাবে,
তারা কেউ আজ নেই ।
আমি একা এক স্থবিরের মত
ছেয়ে আছি উপত্যকা জুড়ে ...
গুনে যাই সময়ের ঢেউ ।
জেনে গেছি আমি,
কথা রাখল না কেউ ।
কেউ কেউ বলে গিয়েছিল ...
সাজানো বাগান তারা রেখে গেল
কদিনের আমানতে ...
ফিরে এসে দায় নেবে তারা ।
বাগান কোথায় আজ ?
শ্মশানের নীরবতা চারদিকে ...
বাগান উজাড়,
মাঝ রাতে ডেকে যায় ফেউ ।
বল দেখি ...
কথা রাখল না কেন কেউ কেউ ?
- ২১ মে ২০১৫
-------------------------------------
|| ড্যাফোডিল ||
সুখবর্ষা নেমে আসে কখনো সখনো
চারিয়ালি ছাড়িয়ে যে পথ গিয়েছে
একেবারে শহর ছাড়িয়ে,
আমি হেঁটে চলে যাই সেই পথ ধরে ।
পথের দু'পাশে ফুটে থাকে,
সুখ ড্যাফোডিল ।
যদিও দুপুর গুলো দাবদাহে ভরা,
তবুও শীতল থাকি সেই কথা ভেবে ...
আর ক'টা দিন ব্যস ...
বর্ষার মেঘ এসে জমা হবে আকাশ কাঁপিয়ে ।
তারপর ... তারপর সুখবর্ষা শুধু ...
রুক্ষ পথের ধারে এক লহমায়
ফুটে যাবে ড্যাফোডিল ফুল ।
- ২৩ মে ২০১৫
---------------------------------------------------------------------------
Contributed by: Sudip Roy in WaaS / May 2015
No comments:
Post a Comment