|| বয়সের ধর্ম ||
বয়স কালে মানুষের মধ্যে নানারকম উপসর্গ দেখা যায় যেমন - এক কথা বার বার বলা , আড়ালে কেউ কথা বললে কি , কেন , কোথায় , কি বললে ইত্যাদি ... । এছাড়াও সব থেকে বেশী সমস্যা ধৈর্য কমে যাওয়া , একটুতেই ক্ষেপে ওঠা (আমিও তার ব্যতিক্রমী নই) । পান থেকে চুন খসলেই – क्या, तेरी यह मज़ाल ! जग्गू, इधर आओ | ... येस बॉस ...।
একবার সাইকেল নিয়ে বেরিয়ে খানিকটা দূরে কলকাতা কর্পোরেশনের (১২৭ নং ওয়ার্ড) একটি পার্কের বাইরে বোর্ডে দেখলাম লেখা আছে - "শুধুমাত্র অভিজাত বয়স্কদের বসিবার জন্য" ; আভিজাত্যের ছিরিছাঁদ দেখে মাথা গেল ঘুরে । জং ধরা ভাঙ্গাচোরা রেলিং দিয়ে ঘেরা খানিকটা জায়গা, ভিতরে ঝোপ ঝাড়, কাঁটা গাছে ভর্তি (দু’ চারটে সাপও থাকতে পারে) । গেটে তালার অবস্থা আরও করুন ( কোনোদিন খোলা হয়েছে বলে মনে হয়েনি ) । কয়েকদিন পর ক্যামেরা নিয়ে গেলাম ছবি তুলে এখানে পোস্ট করব ভেবে, ততদিনে কেউ বোর্ডটা খুলে নিয়ে পালিয়েছে ।
এবার আসা যাক "অভিজাত বয়স্ক " বলতে কি বুঝি । সকাল-সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে চলেছেন কয়েকজন বয়স্ক মানুষ , কারোর মুখে পাইপ অথবা চুরুট (অনেকটা ছবি বিশ্বাস বা কমল মিত্র স্টাইলে), কারোর সঙ্গে আবার বিদেশী কুকুর । বাংলায় কথা বলছেন, যার ৭০% ইংরেজি - আমাদের সময় কতো কী ছিল, আর এখন ? সব বোগাস ...কিস্সু নেই, কিস্সু নেই ... হবেটা কি করে ? দ্য নিউ জেনারেশন , দে ডু নট নো হাও টু ... ।
ঠিক এতটা না হলেও বছর দশেক আগে একটি "সেমি অভিজাত" গোষ্ঠীর সঙ্গে পরিচয় হয় ,আমাকে দেখলেই টানাটানি - মাঝে মাঝে ভাগবত গীতার শ্লোক ইত্যাদি, ৬৫'র ভারত - পাকিস্তান যুদ্ধের ব্ল্যাক আউটের দিন শুনতে মন্দ লাগত না । তাদের মধ্যে একজন বয়স ৬৭/৬৮ বছর ( আমার তখন ৫৪+ ) অনেক বেশী অভিজ্ঞ । আবার তার মতের বাইরে কেউ কিছু বলে উঠলে উনি রেগে উঠতেন - আপনার বয়সটা কত হয়েছে ? তাই সবাই তাঁকে সযত্নে সমীহ করে কথা ঘুরিয়ে ফেলতেন । এমনি একদিন আবেগে গদগদ হয় উনি বলে চলেছেন - আহা আমাদের সময় কত সুন্দর সুন্দর ছবি হতো । উত্তম-সুচিত্রা জুটি আর কখনোও ফিরে আসবেনা; সেই সপ্তপদী, সবার উপরে, সাগরিকা, মণিহার ... । মণিহার ? সে তো সৌমিত্র ,বিশ্বজিৎ ,সন্ধ্যা রায় ... । উনি শুনেই আমার উপর অসন্তুষ্ট - হুমমম , কতটা জানেন , বয়সটা কত হল শুনি ? মুখ ফসকে বেরিয়ে গেলো - সেভেন্টি থ্রি প্লাস । উনি গম্ভীর হয়ে গেলেন । বাকিরা চুপচাপ ।
ঘরে ফেরার সময় মুদিখানায় ঢুকেছি - শুকনো লঙ্কা না জিরে কি একটা কিনতে । হঠাত পিছন থেকে কে যেন বলে উঠল - দাদা ! ফিরেই দেখি সেই ভদ্রলোক । আরে আরে কী ব্যাপার ? জিজ্ঞাসা করতেই উনি বললেন - দাদা একটু দরকারি কথা ছিল ( ভাবলাম সিরিয়াস কিছু ) । দাদা ! আপনি এই বয়সেও শরীরটাকে এতো সুন্দর রাখলেন কী ভাবে ? (একটু ঢোঁক গিলে) মনে কোনরকম দুশ্চিন্তা রাখবেন না । ছেলেমেয়ে কয়টি ? এক ছেলে বাইরে থাকে (যদিও সে তখন পড়ছে) । নাতি-নাতনি ? এক নাতি । আপনার কষ্ট হয়না তার জন্য ? কী আর করা যাবে ।
আপনি কত সুখী ,আমার খুব ইচ্ছা করছে এখুনি আপনার সাথে গিয়ে বৌদির সাথে আলাপ করে আসি । আমি ভয় পেয়ে গেলাম যদি উনি আমার সঙ্গে এসে দেখতে পেয়ে যান যে ছেলে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে । কি ফ্যাসাদে পড়লাম রে বাবা ! তাড়াতাড়ি বলে দিলাম এখুনি মিসেস কে ইনজেকশন দিতে আসবে ।
বৌদির কী অসুখ করেছে ?
কোন যুতসই রোগের নাম মনে করতে পারছিলাম না । বলে দিলাম বয়সকালে মেয়েদের কত রকমেরই রোগ হয় ।
যাক সে যাত্রায় রেহাই পেলাম । ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছিলেন ।
----------------------------------------------------------------------------------
Contributed by: Kamal Kumar Dutta in WaaS / 22 May 2015
No comments:
Post a Comment