"); -->

Apr 30, 2015

সুদীপ রায় সংকলন – এপ্রিল

------------------------ সুদীপ রায় সংকলন – এপ্রিল, ২০১৫ ------------------------


|| প্রভাত বন্দনা – ৪ ||


আমার মাথা নত করে দাও হে তোমার
চরণ ধূলার তলে ।
ফোঁস ফাঁস গুলি যতই আমার
কাগজে কলমে চলে ।
যুঝিতে না পারি তোমার সনেতে
হারি আমি দিনে শতবার ।
তব বজ্রবাণেতে হতবাক সবে
আমি হরিদাস কোথাকার !
তুমি হলে প্রভু, আমি যে ভৃত্য
বুঝি আমি পলে পলে ।
আমার মাথা নত ক্করে দাও হে তোমার
চরণ ধুলার তলে ।

- ০১ এপ্রিল ২০১৫
---------------------------------------

|| ভোট এলো রে ভোট ||


ভোট এলো রে ভোট,
ভোটাররা সব দিশেহারা, 
নেতারা লোটপোট ।
আজ খরচা প্রতিশ্রুতি,
কাল ভরবে ঝুলি ।
পাঁচটি বছর চাকরি সুখের,
তাই ঝাড়ছে বুলি ।
ভোট এলো রে ভোট ।
আজ জনগণ ভি আই পি সব, 
কাল - হরিদাস ... ফোট ।

০২ এপ্রিল ২০১৫
---------------------------------------

|| প্রভাত বন্দনা – ৫ ||


তুমি সন্ধ্যার মেঘমালা ... 
হলে অশনি সঙ্কেত দেখি ।
এই ... গরজালে বুঝি,
দোষ ... কি যে হল খুঁজি
ভেবে কেঁপে উঠি আমি যে কি ।
তুমি সন্ধ্যার মেঘমালা 
হলে ... ভয়ে মরে যাই সে কি !

তুমি শক্তিরূপিনী দেবী চিরকালই
অনুকম্পাই বুঝি কর তাই ।
আমি তোমারই প্রসাদে প্রসন্নচিতে
উচ্ছিষ্টে খুশী ... তাও খাই ।
আমি তোমার আঘাতে আহত যে সদা
অপমানে ব্যথা সেঁকি ।
তুমি সন্ধ্যার মেঘমালা ...
হলে বাঁচাবে আমায় কে কি ?

০৩ এপ্রিল ২০১৫
-------------------------------------------

|| ভোট দে রে মন ||


ভোট দে রে মন কালী বলে ।
তোর ভোটের চোটে
কেউ কুপোকাত
কেউ বা ভাসবে চোখের জলে ।

যেমন থাকেন রাম আর সীতা,
বিধায়ক আর পৌরপিতা
গায়েব হবেন পাঁচটি বছর
নিন্দুকেরা তাই যে বলে ।

এই যে তোদের ভোটাভুটি, 
ওঁরা হেসে লুটোপুটি
ধরা ছোঁয়ার বাইরে ওঁরা
পকেট ভরবেন ছলে বলে ।
ভোট দে রে মন কালী বলে ।

১৩ এপ্রিল ২০১৫
--------------------------------------------

|| ভোটের প্রার্থী ||


আমি ভোটেতে এবার প্রার্থী ... 
কত কাঠখড় জ্বেলে, 
ছল খেলা কত খেলে, 
তবে, পেরেছি ভোটেতে দাঁড়াতে ।
কত তেল মেরে মেরে, 
কত ল্যাং ঝেড়ে মেরে, 
তবে, টিকিট পেরেছি ছাড়াতে । 
আজ তাই হাসিমুখে, 
কত আশা নিয়ে বুকে, 
আমি ঘুরছি পাড়াতে পাড়াতে ।

মুখে ঝাড়ি কত বুলি, 
সাথে মিথ্যের ঝুলি, 
মনে মনে আমি হাসি ।
ভরসা এখন, বোকা জনগণ, 
ইউ পি’র গোদা খাসি ।

আহা পাঁচটি বছরে
শুধু করে খাব বলে
প্রার্থী হয়েছি ভোটেতে ।
আমায় ভোট দিস বাছা 
রোজ তবে গোছা গোছা 
পকেট ভরবে নোটেতে ।

১৪ এপ্রিল ২০১৫
----------------------------------------

|| দেশের বিধি ||


আজব দেশের গজব নিয়ম
বলব কি আর দাদা,
দুঃখে থাকেন আম জনগণ
রাজ্য চালান গাধা ।
রাজার মুখের খিস্তি খেঁউড়
সবাই বলেন ... আহা,
ওনার মুখেই মানায় এসব
আউর নেহি তো কাহা ?
ধোঁকাবাজির, খুন খারাপির
কদর সেথায় বেশ,
চোর ডাকাতে, হাড় হাভাতে 
দিব্যি চালায় দেশ ।
রাজার কথাই বেদবাক্যি
হাত পা সবার বাঁধা,
আজব দেশের গজব নিয়ম
বলব কি আর দাদা ।

আজব দেশের গজব নিয়ম 
শুনুন দাদা দিদি,
জোর টি যাদের, মুলুক তাদের 
এখন দেশের বিধি |

১৬ এপ্রিল ২০১৫
---------------------------------------------

|| ভোটের গান ||


চল রে, চল রে, চল ... 
পুরভোটের ওই বাজে মাদল, 
কলকাতা জুড়ে ভোটার দল, 
অস্থির, চঞ্চল ।
চল রে, চল রে, চল ।

ব্যালট বাক্সে হানি আঘাত, 
আমরা আনিব রাঙা প্রভাত, 
যদি না বুথেতে গিয়ে দেখি হায়
মুক্ত সে অঞ্চল ।
আমার নামেতে ভোট দিয়ে কেউ
চলে গেছে অবিকল ... 
কাকে কি বলবি বল ?

চল রে নওজোয়ান
শোন রে পাতিয়া কান
ভোটের আগেই ভোট শেষ তবু
পাবে না পরিত্রাণ ।
বিরোধীরা সব ক্লীব শব যেন
না থাকারই সে সমান ।
ধুলায় লুটায় নীরবে নিভৃতে 
জনতার সম্মান ।

তিনি তো অচঞ্চল ।
বাহুবলে আজ বলীয়ান তিনি
আছে ছল কৌশল ।
যেন তেন যেন ভোট ঘরে আসে
দেখে তার দলবল । 
বিচারের বাণী কাঁদে সে নীরবে,
আঁখি দুটি ছলছল ।
চল ... তবু সবে চল । 
পুরভোটের ওই বাজে মাদল,
চল রে, চল রে, চল ।

১৮ এপ্রিল ২০১৫
-------------------------------------------------

|| পরিযায়ী পাখির দিন ||


দিন আসে ... দিন চলে যায় । 
কিছু জন্ম, কিছু মৃত্যু
সবকিছু যে যার নিয়মে ... 
দু দণ্ড সময় কোথায় ?
যোগ বিয়োগের শেষে
আরেকটি দিনের ছবি ... 
নিয়মমাফিকই সেসব 
হোক বা না হোক
এলোমেলো ... বাঁধা পড়ে যায় ।
অবেলার ভাতে
উদ্গার দু চার
সে তো স্বাভাবিক ...
একা বসে থাকি,
সুখ ? সে তো আসে যায়
যেন ... শীতের অতিথি 
এক পরিযায়ী পাখি ।

- ২০ এপ্রিল ২০১৫
----------------------------------------------

|| ঝিকমিক ঝিকমিক ছোট্ট তারা ||


(উজ্জ্বল সেনগুপ্ত আমাকে উত্‍সাহিত করেছিলেন “Twinkle Twinkle Little Star”
ছড়াটির বাংলায় অনুবাদ করতে | আমার ক্ষুদ্র প্রয়াস এই :)

ঝিকমিক ঝিকমিক ছোট্ট সে তারা, 
তুমি কে’গো জানি না তা ... 
ভেবে হই হারা ।
দূর আকাশের ওই ওপরেতে কত, 
জ্বল জ্বল কর তুমি হীরেদের মত ।
সন্ধ্যা যখন নামে ছায়া ছায়া দিনশেষ,
সূর্য অস্ত গেল, আলো তার নেই রেশ ।
তুমি এলে হেসে ওঠে আকাশের চারদিক,
সারারাত ঝিকমিক, ঝিকমিক, ঝিকমিক ।
আঁধার যখন নামে, ঘন হয় রাত্রি,
তোমার আলোতে চলে একা পথে যাত্রী ।
ভোর হলে তবে ছুটি, রাত্রির আকাশে,
পর্দা সরিয়ে দেখি তুমি যেন আঁকা সে ।
রাতের আকাশে তুমি প্রদীপের মত ঠিক,
জ্বল তুমি ছোট তারা, ঝিকমিক, ঝিকমিক ।
ঝিকমিক, ঝিকমিক ছোট্ট টি তারা,
তুমি কে’গো তাই ভেবে আমি হই হারা ।

- ২৯ এপ্রিল ২০১৫
---------------------------------------------------------------------------------
Contributed by: Sudip Roy in WaaS / April 2015

No comments: