|| সেই যে আমার নানা রঙ্গের দিনগুলি ||
ছেলেবেলার কথা – তখন স্কুলে পড়তাম । আমার দাদা আমার চেয়ে তিন ক্লাস উপরে পড়ত । পুজোর সময় সবাই মিলে বাবার সাথে হইচই করে মহানন্দে জামা-কাপড় কিনতে গেছি । আমার শার্ট-প্যান্ট সুন্দর পছন্দসই হয়েছে । দিদি এবং বোনও খুব খুশী ওদের জামা কাপড় দেখে । কিন্তু দাদাকে বাবা বললেন, “তোর জন্য এবার সাদা জামা আর নীল প্যান্ট কিনে দেব । একসাথে পুজোর কাপড় এবং স্কুলের ইউনিফর্ম, দুটোই হয়ে যাবে ।” দাদা মনে মনে খুব অসন্তুষ্ট হলেও বাবার মুখের ওপর কিছু বলতে সাহস করল না । পরদিন দাদার কয়েকজন বন্ধু-বান্ধব পুজোর কাপড় দেখতে এলো । দাদা বলল, "এবারে স্পেশাল জামা-প্যান্ট কিনেছি গৌহাটি থেকে । সুপার-ফাইন মিল্কি হোয়াইট শার্ট এবং রয়াল ইন্ডিয়ান নেভি -ব্লু প্যান্ট । এ বছর নতুন বেরিয়েছে । আসামে একমাত্র গৌহাটিতেই পাওয়া যায় ।” আমরা তখন ছোট একটি মূলত রেল ভিত্তিক আধা শহরে থাকতাম । তাই গৌহাটি, কলকাতা ইত্যাদি বড় শহরের কথা শুনলে সবাই একটু সমীহ করত । দাদার বন্ধুরা দেখে খানিকটা থতমত হলেও, সবাই ‘দারুণ ভাল হয়েছে’ বলে প্রশংসা করল । বলা বাহুল্য, ওরা দাদাকে কেন জানি না সবজান্তা হিসেবে বেশ কিছুটা খাতির বা সমীহ করত । এমন সময়ে ছোটভাই এসে দেখে বলল, “এ মা, ফুলদাদা, তুমি দেখি স্কুলের ইউনিফর্ম কিনেছ । এটা কি রকম পুজোর কাপড় হল ?”
বন্ধুদের সামনে প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে দেখে দাদা ভয়ানক অসন্তুষ্ট হয়ে ভাইকে ঘর থেকে বার করে দেয় ।
-----------------------------------------------------------------------------------------
Contributed by: Shyamal Kumar Das in WaaS / 13 April 2015
No comments:
Post a Comment