"); -->

Feb 21, 2015

মাতৃভাষা


|| মাতৃভাষা ||

(বিশ্ব মাতৃভাষা দিবসের শ্রদ্ধার্ঘ্য)

এখনো কি স্বপ্ন দেখো, এখনো কি মগ্ন থাকো প্রেমে ?
এখনো কি লগ্ন হও ক্ষুধাতুর ভালোবাসা নিয়ে ?
ময়রার মণ্ডপে গিয়ে ক্ষীর-ক্রান্তি লবঙ্গলতিকা
মধুরের নাম জেনে আপ্লুত বিস্ময়ে বলো ভাষা ?
এখনো কি ভগ্ন হও হতাশা দীর্ণ, আশাহত ?
এখনো কি জ্বলে ওঠো ক্ষুব্ধ অহেতুক অপমানে ?
এখনো কি ঘৃণা করো উলঙ্গ নির্লজ্জ তঞ্চকতা ?
এখনো কি লাঞ্ছনায় বঞ্চনায় নিপীড়নে কাঁদো –
ফেটে পড়ো প্রতিবাদে বিশ্ব নিসূদন বিস্ফোরণে ?
এখনো কি দুঃখে-সুখে নয়নের নয়ানজুলিতে
কালিন্দীর ধারা বয়, আনন্দের মুক্তা ফুল ফোটে ?

যে ভাষায় স্বপ্ন দেখো, যে ভাষায় পাও তুমি ব্যথা,
যে ভাষায় ভালোবাসা ঘৃণা ও গর্বের কথকতা,
যে ভাষায় বেড়ে ওঠো, যে ভাষা বিস্মিত ব্যাকুলতা
প্রকাশ মুখর করে, তোমার মনন-নীরবতা
যে ভাষাকে ঋদ্ধ করে, যে ভাষায় ঝড়-ঝঞ্ঝা বয়,
ফুল ফোটে, কাঁটা বেঁধে বুকের গভীরে মনোময়,
সে ভাষা তোমার মাতা, সে ভাষা তোমার মাতৃভাষা –
উত্তরাধিকারসূত্রে পেয়ে গেছ জন্ম লগনে;
তার কাছে নম্র হও, নত করো মাথা ।।


------------------------------------------------------------------------------
Contributed by: Ashim Das Sharma / 21 February 2015

No comments: