"); -->

Jan 19, 2015

একদিন প্রতিদিন

(১)

|| একদিন প্রতিদিন ||


সূচনাতেই জানিয়ে রাখা ভাল কাব্য লেখার অ,আ,ক,খ মেনে,
চলার কথা হয়তো ভাবে সবাই আমি কিন্তু চলি নিজের মনে ।

হয়তো কখন বয়ঃসন্ধি ক্ষণে সময় ছিল আকাশ কুসুম ভাবার,
সংসারেরই জাঁতাকলে পিষে সবুজ মনটা হারিয়ে গেছে আমার ।

তবুও যখন সারা আকাশ জুড়ে মেঘের সাথে আলোর লুকোচুরি,
অফিস ফেরত বাসের জানলা দিয়ে দেখতে দেখতে মনটা যে হয় ভারী ।

মনে মনে 'রবি ঠাকুর' হয়ে পাড়ি জমাই মেঘের ভেলায় চড়ে,
আকাশ-পারে গিয়ে যখন থামি, বাসটা তখন মানিকতলার মোড়ে।

ঘণ্টি শুনে চমকে উঠে পড়ে নেমে গিয়ে বাজারেতে ঢুকি,
উচ্ছে,আলু,পটল,বেগুন, মুলো - থলের থেকে মারতে থাকে উঁকি ।

বাড়ী ফিরেই চানটা সেরে নিয়েই আয়েশ করে পাখার তলায় বসি,
প্রিয়ার হাতের চুরির রিনিঝিনি শুনতে শুনতে মনটা যে হয় খুশী ।

জমার খাতায় যতই শূন্য থাক মনটা তখন গরম চায়ের প্রতি,
তাকিয়াটা-য় হেলান দিয়ে বসে - ভাবি মনে এই তো আমার - 'গতি' ।


(২)

|| সন্ধিক্ষণ ||


বিশ শতকটা পেরিয়ে এসে পিছন ফিরে তাকাই যবে -
কাঁপছে দেখি বিশ্বমাতা অধর্মেরই কলরবে ।

জগত জুড়ে হানাহানি হিংসা কুটিল বর্বরতা
দুর্নীতি আর স্বার্থ লোভে ক্ষয় হয়েছে মানবতা ।

সোনার শিশু জাগো এবার - সময় যে আর নেইকো হাতে,
দ্বার খুলে আজ বাইরে এসো - ইতিহাসের আঙ্গিনাতে ।

সৃজন করো নূতন বিশ্ব - কলুষ গ্লানি মুছে ফেলে ,
প্রেমের শিক্ষা দাও মানবে ফোটাও রে ফুল শুষ্ক ডালে ।

সত্য যুগের নিশান ওড়াও দেশের প্রতি ঘরে ঘরে ,
শঙ্খ লয়ে বিশ্বমাতা দাঁড়িয়ে আছে তোমার তরে ।


- দেবকিশোর চক্রবর্তী
Pabitra kumar Basu মহাশয়ের এই অনুরোধে -
"দাদা, আপনার মৃত্যু নিয়ে, টুকরো লেখাটা সবাইকে নাড়িয়ে দিয়েছে। এবার জীবনমুখী কিছু পোষ্ট করুন দয়া করে।"

--------------------------------------------------------------------------------------
Contributed by: Debkisor Chakrabarti / 19 January 2015

No comments: