"); -->

Apr 23, 2015

রাতের সব তারা

|| রাতের সব তারা ||

(আজকাল আমাদের মত অবস্থা অনেক লোকের - 'শুধু যাওয়া আসা ')

পুত্রের কর্মক্ষেত্র হিউস্টন ,কলকাতা থেকে যোগাযোগ সব চেয়ে কষ্টকর । এমিরেট ছিল তো বাঁচা গেছে, কিন্তু দুবাই থেকে অনেক অপেক্ষা । ২০১৪ সালে ফিরছি, এমনিতেই ফেরার সময় মনটা খারাপ থাকে, দুবাই এ বেশ অপেক্ষা ৫৭০ নম্বর উড়ান ধরার জন্যে, কফি খাওয়া, উইন্ডো শপিং করছি । বাথরুম হয়ে ফিরে দেখি আমার স্ত্রী এক দম্পতির সঙ্গে গল্পে মশগুল । আমার একটু সময় লাগে, একদম উল্টো আমার স্ত্রী ।

আমাদের বয়সী ওনারা, ভদ্রমহিলা একটু গম্ভীর, খুব সুন্দরী ছিলেন বোঝা যায় ।
আমি দুটো চেয়ার ছেড়ে বসলাম আর ওই মহিলা এসে আমার পাশে বসলেন ।
আমার স্ত্রী বললেন ' শোন মিসেস ভাট বাঙালি, কোনও সময়ে কলকাতায় ছিলেন, আর ভাট সাহেব খুব মজার,একটা গল্প শুনছি ।'

আরব সাগরের বিরাট ঢেউ আমাকে বহু বছর পেছনে নিয়ে গেছে ততক্ষণে ।
'অপুদা, তুমি তো একই আছ, রং করো চুলে ?'
'রূপু, তুমি ... '
'আমরা যখন হটাত বদলি হয়ে কলকাতা ছাড়লাম, আমাদের নতুন ঠিকানা তোমার জন্যে তোমার দিদিকে দিয়েছিলাম, পেয়েছিলে ?'
'না রূপু, দিদি দু তিন দিন মজা করে বলত, অপুর খুব মন খারাপ ।'
'সত্যি ?'
'কী ?'
'মনখারাপ ?'
'হাঁ, কিছুদিন ছিল ।'
'রূপু, তুমি ভালো আছ তো ?'

উত্তর এলো না, পরে এলো, ‘গড়িয়াহাট ভালো, শ্যামা ভালো, শাপমোচন ভালো'
'তুমি নিজে বিয়ে করেছ ?'
'নাহ, বাবার বন্ধুর ছেলে, মা হটাত ...'
'চেন্নাই ভালো লাগে রূপু ?'
'গড়িয়াহাট ভালো, প্রিয়া সিনেমা ভালো, মনে আছে ?'
'হাঁ ।
'কী কী সিনেমা মনে আছে ?'
'না ।'
'আমারও মনে নেই ।'
'সিট নম্বর ?'
'ডি ... ডি ১৯ আর ২০ ।'
'ডান ফুটপাথে প্রিয়া যেতে যেতে গান করতে বলেছিলে মনে আছে ?'
'হ্যাঁ, তুমি ক’ লাইন গাইলে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে ।'

এই প্রথম একটু হাসল রূপু, ‘মে মাসের ২২ তারিখে, দুপুর বেলায়, তোমার সাদা রুমাল মাথায় দিয়ে ।'
'একটা লাল রঙের প্যাকেট থেকে একটা সিগারেট খেয়ে বীর হয়েছিলে মনে আছে ?'
'হাঁ ১০ পয়সায় দুটো । বোকা ছিলাম তখন, সিগারেট খেতাম না ।'

ভাট বলে উঠলেন, ‘চলো ভাই, চেক-ইন করনা হ্যায় ।‘
রূপু উঠে বলল, তোমার ছেলের নামটা শুনে নিয়েছি, ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাব, বলে দিও জেঠির বন্ধু হতে ... ওহ ভাট তোমার চেয়ে বড় ।'
আমি বলে উঠলাম, 'রূপু তুমি ভালো আছ তো ?'
দু’পা এগিয়ে আমার স্ত্রীকে বলল, ‘আপনার হাসব্যান্ড ভুলো, আই মিন ভালোমানুষ ।'
আর পেছন ফিরে বলল, 'গড়িয়াহাট ভালো ।'


-------------------------------------------------------------------------------------------
Contributed by: Prabir Acharya in WaaS / 23 April 2015

No comments: